টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
বর্তমান চিত্রটা স্পষ্ট। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ, নেট রান রেট +৫.৩৫০। সমান পয়েন্টে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, নেট রান রেট +৩.৮০০। ভারতের নেট রান রেট –৩.৮০০। জিম্বাবুয়ের অবস্থা আরও খারাপ। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে, ভারতের সমস্যা শুধু হার নয়, হারের ধরনও।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ । ০১:৪৫:৫৯ পিএম
শেয়ার করুন:

নবোদয় ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে ভারত। সূর্যকুমার যাদব–এর দল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এমন এক অবস্থায় গেছে, যেখানে এখন শুধু ক্রিকেট নয়, ক্যালকুলেটরও দরকার। গ্রুপ ১ থেকে তিন ম্যাচের মধ্যে একটিতে হার, পয়েন্ট শূন্য। সামনে দুই ম্যাচ। ভুলের আর জায়গা নেই।
বর্তমান চিত্রটা স্পষ্ট। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ, নেট রান রেট +৫.৩৫০। সমান পয়েন্টে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, নেট রান রেট +৩.৮০০। ভারতের নেট রান রেট –৩.৮০০। জিম্বাবুয়ের অবস্থা আরও খারাপ। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে, ভারতের সমস্যা শুধু হার নয়, হারের ধরনও।
নিয়ম সহজ। সুপার এইটের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। ভারতের বাকি দুই ম্যাচ জিততেই হবে। কিন্তু স্রেফ জিতলেই সব মিটে যাচ্ছে না।
প্রথম শর্ত: নিজেদের কাজ নিখুঁতভাবে শেষ করা। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। বিশেষ করে বড় ব্যবধানে। কারণ রান রেট এখন ভারতের গলায় দড়ি হয়ে ঝুলছে।
দ্বিতীয় শর্ত: অন্যদের ফল। যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং ভারত হারে, তাহলে গল্প শেষ। যদি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারায় কিন্তু ভারত জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে সুযোগ বাঁচবে, তবে সেটা হবে প্রায় অলৌকিকের সমান।
সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে, আর দক্ষিণ আফ্রিকাকে জিম্বাবুয়েকে হারাতে হবে। তখন তিন দলের পয়েন্ট দাঁড়াতে পারে সমান ২। হিসাব মেটাবে রান রেট।
আরেকটা সম্ভাবনা আছে। ভারত যদি শেষ দুই ম্যাচ জিতে ৪ পয়েন্টে যায় এবং দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ জেতে, তাহলে তিন দলের ৪ পয়েন্ট হতে পারে। সেখানেও রান রেটই শেষ কথা বলবে।
সবচেয়ে পরিষ্কার রাস্তা একটাই। ভারত জিতবে দুই ম্যাচ, আর দক্ষিণ আফ্রিকা জিতবে তাদের বাকি দুই ম্যাচ। তাহলে দক্ষিণ আফ্রিকা ও ভারত সরাসরি সেমিফাইনালে।
ভারতের এই বেহাল পার্ফরমেন্সে প্রশ্ন উঠেছে, মাঠের বাইরে ক্রিকেট নিয়ে দাদাগিরি করলেও তারা কি সেমিতে যেতে পারবে? মাঠের বাইরে প্রভাব, প্রচার, দাপট—এসব দিয়ে কিছু হয় না।
স্কোরবোর্ড ঠান্ডা জিনিস। ওখানে শুধু রান, উইকেট, নেট রান রেট। যদি উপরের সবগুলো সমীকরণ ঠিক মতো মিলাতে পারে তবে হয়তো ভারত সেমিফাইনাল খেলবে। না পারলে দোষ ভাগ্যের নয়। মাঠের পারফরমেন্সের।
নবোদয়/ এসআইআর/ জেডআরসি/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬