খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান
অন্তর্বর্তীকালীন এই সদস্যরা যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন। তারা সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী নেতা নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে ইরানের সব নেতাকে একত্রিত করা নিরাপত্তা ঝুঁকির কারণে কঠিন হতে পারে।
রবিবার, ১ মার্চ ২০২৬ । ১১:৫১:০০ এএম
শেয়ার করুন:

জুবায়ের রহমান চৌধুরী, ঢাকা
কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি সপরিবারে নিহত হয়েছেন। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শেখ ঘোষণা করেছে দেশটি।
একইসঙ্গে খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। খামেনির মৃত্যুর পর পরবর্তী নেতৃত্ব তৈরির জন্য কাজ শুরু হয়েছে। আপাতত অন্তর্বর্তীকালিন কাউন্সিল গঠন করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল-জাজিরা। ইরানে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী পতনই এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
➤ ‘খামেনির মৃত্যু’ দাবি ইসরায়েলের, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ রয়েছেন।
অন্তর্বর্তীকালীন এই সদস্যরা যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন। তারা সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী নেতা নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে ইরানের সব নেতাকে একত্রিত করা নিরাপত্তা ঝুঁকির কারণে কঠিন হতে পারে।
৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে ও নাতি-নাতনি। ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স রোববার (০১ মার্চ) এ তথ্য জানিয়েছে।
ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারান।
শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় অ্যাডমিরাল আলি শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। আলি শামখানি আয়াতুল্লাহ আলি খামেনির অন্যতম প্রধান উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ছিলেন। অন্যদিকে, মোহাম্মদ পাকপুর ছিলেন অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনেই ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেডক্রস। তারা বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
➤ ইরানে হামলার পর বৈশ্বিক প্রতিক্রিয়া
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা
সৌদি আরব ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। এই ঘাঁটিতে কয়েক দশক ধরে মার্কিন সেনারা রয়েছে। এর পাশাপাশি ইরাকের আল-হারির বিমানঘাঁটিকেও টার্গেট করা হয়েছে। সেখানেও যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি রয়েছে।
ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে।
সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৫
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদাতে একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর আগে প্রাথমিক প্রতিবেদনে সুয়েদায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছিল।
বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
বাহরাইনের রাজধানী মানায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের ব্যাপক পাল্টা হামলা শুরু করার পর ওই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
পাল্টা হামলা ও হুমকি-হুঁশিয়ারি সৌদি-আমিরাতের
সৌদির রাজধানী রিয়াদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিসাইল ছুড়েছে ইরান। এ হামলার তথ্য নিশ্চিত করে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। দেশ দুটি পাল্টা হামলা ও হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির বিবৃতি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর এ নিয়ে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি বলেছেন, ইরানে তাদের চূড়ান্ত বিজয় এখন নিকটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা বলেছেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত অপেক্ষা করছে।
শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে: আইআরজিসি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ‘‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’’ হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হচ্ছেন?
আয়াতুল্লাহ আলি খামেনি (৮৬) নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন— তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনা এ পর্যন্ত উঠে এসেছ ৫ জনের নাম।
মোজতাবা খামেনি: ৫৬ বছর বয়স্ক মোজতাবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী’র ওপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসনব্যবস্থায় রাষ্ট্রক্ষমতায় পিতা-পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না।
আলীরেজা আরাফি: ৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি ইরানে তেমন পরিচিত ব্যক্তি নন, তবে তিনি খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামি পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনে প্রার্থীদের বাছাই এবং পার্লামেন্টে পাস হওয়া আইনগুলো যাচাই করে। আরাফি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান।
মোহাম্মদ মেহদি মিরবাঘেরি: ৬০ বছর বয়সী মোহাম্মদ মেহদি মিরবাঘেরি একজন কট্টরপন্থি ইসলামি আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম-উলামাদের নেতা। বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কোম এর বিজ্ঞান অ্যাকাডেমির প্রধান।
হাসান খোমেনি: ৫০ বছর বয়স্ক হাসান খোমেনি ইরানের ইসলামি বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি।
হাশেম হোসেইনি বুশেহরি: ষাটোর্ধ্ব হাশেম হোসেইনি বুশেহরি ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামি পণ্ডিত এবং উত্তরাধিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত এবং একই সঙ্গে ইরানের আলেম পরিষদের এক নম্বর উপ-চেয়ারম্যান।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
➤ ইরানে যৌথ হামলা শুরু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলি খামেনি। সূত্র: রয়টার্স, এপি নিউজ, দ্য গার্ডিয়ান, ইউরো নিউজ, আল জাজিরা, বিবিসি, ফারস নিউজ
নবোদয়/ জেডআরসি/ ০১ মার্চ ২০২৬